আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইতোমধ্যে জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এসব জাহাজের মধ্যে অনেকগুলো জ্বালানি তেল বহন করছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বাণিজ্যিক জাহাজগুলো বর্তমানে ‘দক্ষিণাঞ্চলীয় করিডোর’ ব্যবহার করে চলাচল করছে। তিনি দাবি করেন, জলপথটির এই অংশ সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত এবং ঝুঁকিমুক্ত।
এ ছাড়া জাহাজ চলাচলের জন্য আরও কয়েকটি বিকল্প পথ রয়েছে বলেও জানান তিনি। তবে এসব পথ সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি।
ইরান ও ওমানের মধ্যবর্তী কৌশলগত জলপথ হরমুজ প্রণালি বিশ্বব্যাপী জ্বালানি তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্যবাজারে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা।