মুন্সীগঞ্জে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে আরিফ বেপারী (৩০) কে উপুর্যপুরি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার সকালে মুন্সীগঞ্জ সদরের পূর্ব শিলমন্দি জসিমনগর এলাকায় বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমিতে আরিফের রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত আরিফ স্থানীয় হাট-বাজারে কসাইয়ের কাজ করতেন বলে জানা গেছে।
নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় নুর মোহাম্মদ নামের আরেক কসাইয়ের সাথে টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল আরিফের ছোট ভাই আকাশের সাথে। এ নিয়ে সবশেষ শনিবার সকালে দুই পক্ষ মুন্সিরহাট বাজারে সংঘর্ষে জড়ায়।
স্বজনদের অভিযোগ, আকাশকে না পেয়ে প্রতিপক্ষ ও তার লোকজন তার ভাই আরিফকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ক্রাইম) মো. কামরান হোসেন বলেন, 'প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- টাকা লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এমএইচ/এমএ