ফরিদপুরে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ২১০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি থানা এলাকায় এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযানগুলো পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা যায়, ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ২ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৮৮ বোতল উইনসেরেক্স সিরাপসহ বাসচালক আবু বক্কার সিদ্দিক (৩৬)কে আটক করা হয়।
অন্যদিকে, ফরিদপুর রেলস্টেশনসংলগ্ন হাবেলী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৭২ বোতল উইনসেরেক্স সিরাপসহ ইসমাইল হোসেন বাদল (৫৫) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়।
এ ছাড়া কোতোয়ালি থানার পশ্চিম গঙ্গাবর্দী এলাকায় মুরলদহ স্কুল থেকে গঙ্গাবর্দী বেলি রোডে যাওয়ার পাকা সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৫০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
এসআরবি সূত্র আরও জানায়, আটক দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসএস