মোংলায় পাঁচ বছর ছয় মাস বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী। তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-০৯, সিলেটের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান শনিবার (১৪ নভেম্বর) দুপুরে থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়ার মোহাম্মদ সমির (৪০)। তিনি মোংলা বন্দরে কর্মরত এবং ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে একই ভবনে বসবাস করতেন।
আইনি প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, গত ২৫ অক্টোবর বিকেলে শিশুটি ও আসামির মেয়ে একই ভবনের তৃতীয় তলায় খেলাধুলা করছিল। এ সময় আসামির স্ত্রী পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে ইয়ার মোহাম্মদ সমির শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাকে মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
চিকিৎসা শেষে গত ৩০ অক্টোবর রাতে শিশুটির বাবা মোংলা থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, মামলাটি দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এসআরবি-০৯, সিলেটের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তার বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেইউ/এসএস