রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও চিকিৎসক জুবাইদা রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।
তিনি বলেন, এ পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। এসব স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষের কাছে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে ভূমিকা রাখবেন।
জুবাইদা রহমান আরও বলেন, রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন জরুরি। গত ১২ বছর ধরে আইদেশি এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, কাজের ধীরগতির কারণে অনেক সময় হতাশা আসতে পারে। তবে তাদের মনে রাখতে হবে, গবেষণার মাধ্যমে অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করার সুযোগ তৈরি হচ্ছে। এ কাজের জন্য তাদের গর্বিত হওয়া উচিত।
অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের আন্তরিক প্রশংসা ও অভিনন্দন জানান জুবাইদা রহমান।
আরএন