ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কোনো পক্ষের সঙ্গে আপস করবে না জামায়াত। একই সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে।’
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকারকে এখনই ফ্যাসিস্ট বলতে চায় না জামায়াত। তবে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্যে রয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াত কোনো ধরনের আপস করবে না। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে ‘ভোট ডাকাতদের’ কোনো ছাড় দেওয়া হবে না।
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারও বক্তব্য দেন। তিনি বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যাওয়া এবং তাঁকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে।
গোলাম পরওয়ার বলেন, একটি প্রতিবেশী দেশ হিসেবে এ ধরনের কথা বলার কোনো অধিকার ভারতের নেই।
সম্মেলনে জামায়াতের নেতারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আরএন