চলতি বছরের এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়, সে বিষয়টি বিবেচনায় রেখে ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূর করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।
দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বর্তমান সরকার। গবেষণার প্রসার ও শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সরকার কাজ করছে।
আরএন