যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রাডার ও যোগাযোগব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে আবারও দেশটির আকাশসীমা খুলে দেওয়া হয়।
রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেয়। রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে ত্রুটি শনাক্ত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশ জারি করে এফএএ।
পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়েছিল এবং সেখান থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দিয়েছিল।
ডাফি বলেন, রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। এফএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোলের (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এ ঘটনার প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে। পরিস্থিতি সামাল দিতে সপ্তাহান্তের ফ্লাইটগুলোর সময়সূচিও পর্যালোচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অনেক পুরোনো উল্লেখ করে ডাফি বলেন, বিদ্যমান অবকাঠামো আধুনিকায়ন জরুরি। এ জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, হোমল্যান্ড সিকিউরিটিমন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, বিমান চলাচল বন্ধের পেছনে কোনো সাইবার হামলার ঘটনা ছিল না। একই সঙ্গে মাইক্রোসফটের সাম্প্রতিক সেবাবিভ্রাটের সঙ্গেও এ ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি।
এর আগে তিনটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক থাকতে পারে। তবে ডাফি জানিয়েছেন, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা কিংবা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।
এদিকে, কয়েক ঘণ্টার এই বিপর্যয়ে হাজার হাজার ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এমন পরিস্থিতির শিকার হন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তার ফ্লাইট বাতিল হয়েছিল। পরদিন দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে আবারও বাতিল হয় তার ফ্লাইট।
আকাশসীমা খুলে দেওয়া হলেও ফ্লাইটের সময়সূচি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরএন