ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কপ-৩১-এ নাগরিক সমাজের দাবি: দায় যাদের, জলবায়ু অর্থায়নের দায়িত্বও তাদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:১২ পিএম আপডেট: ১৪.১১.২০২৬ ৩:২৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে বলেন, কপ-৩১-এর আলোচনায় অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি তুলে ধরা হয়েছে। প্রস্তাবটি পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় তা গৃহীত হয়নি। 

শনিবার, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনস্থলে, সংবাদ সম্মেলন কক্ষ ২, এরিয়া ডি-৪,-এ স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত ‘‘প্যারিস চুক্তির বাস্তবায়ন ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত কর” শীর্ষক প্রেস কনফারেন্সে গ্লোবাল সাউথের বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা এ দাবি তুলে ধরেন।

বিদ্যমান আলোচ্যসূচির আওতায় আলোচনা অব্যাহত থাকলেও অর্থায়নের পরিমাণ, উৎস, সময়সীমা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে এখনো সুস্পষ্ট সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি। তারা দাবি জানান, অভিযোজন অর্থায়ন তিন গুণ করার অঙ্গীকার বাস্তবায়নে কপ-৩১ থেকেই সুনির্দিষ্ট রোডম্যাপ, পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, স্বচ্ছ অর্থায়ন ব্যবস্থা ও কার্যকর জবাবদিহি কাঠামো নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, কপ-৩১-কে আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন ও জবাবদিহির সম্মেলনে রূপ দিতে হবে। প্যারিস চুক্তির আর্টিকেল ৯.১ অনুযায়ী উন্নত দেশগুলোকে ঐতিহাসিক দায় ও অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা পূরণ করতে হবে। বড় নির্গমনকারী দেশগুলোর জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এবং দ্রুত ও উল্লেখযোগ্য নির্গমন হ্রাসের পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত, সুশৃঙ্খল ও ন্যায়সংগত উত্তরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে লস অ্যান্ড ড্যামেজ মোকাবিলায় নতুন ও অতিরিক্ত, পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য অর্থায়নে সরাসরি প্রবেশাধিকার, দ্রুত অর্থ ছাড় এবং সহজ ও স্বচ্ছ অর্থপ্রাপ্তির প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে।

লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল বলেন, লস অ্যান্ড ড্যামেজ আলোচনায় জলবায়ুজনিত বাস্তুচ্যুতিকে অগ্রাধিকার দিতে হবে এবং বাস্তুচ্যুতি মোকাবিলায় বিশেষায়িত অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। পরিকল্পিত পুনর্বাসন ও স্থানান্তরে মানবাধিকার, নিরাপত্তা ও মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের এম.এ. হাসান বলেন, কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ-এর এম. এ. হাসান বলেন, প্যারিস চুক্তির আর্টিকেল ৯.১ অনুযায়ী, উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত দায়িত্ব। 

ভারত থেকে সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো ভয়াবহ বন্যাসহ জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ছে, যার প্রভাব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার হলেও ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। এই বাস্তবতা আন্তর্জাতিক মানবিক সহায়তা ও অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট করে। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি, পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন।

নেপালের প্রয়াস অধিকারী বলেন, জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থার মূল সমস্যা হলো এর মধ্যে ঔপনিবেশিক ক্ষমতা ও নিয়ন্ত্রণের চর্চা। বৈশ্বিক দক্ষিণের দেশগুলো খরা, বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছে। অথচ প্রয়োজনীয় অর্থায়নের জন্য তাদের জটিল আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ, দ্রুত ও সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।

ভারত থেকে, অজয় কুমার বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, অথচ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের খুব সামান্য অংশই এ অঞ্চলে পৌঁছায়। প্রাপ্ত অর্থায়নের ৮০ শতাংশের বেশি পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত, যেখানে দক্ষিণ এশিয়ার অংশ অত্যন্ত সীমিত। এই বৈষম্য জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অর্থায়নপ্রাপ্তির সংকটকে আরও গভীর করছে। তাই দক্ষিণ এশিয়ার জন্য ন্যায্য, পর্যাপ্ত ও সরাসরি জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।

শ্রীলংকা থেকে থিলক কারিয়াওয়াসাম বলেন, জলবায়ু অর্থায়ন ব্যবস্থার মূল উদ্দেশ্য হওয়া উচিত ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু অর্থায়নের প্রতিশ্রুতি ও বিভিন্ন প্রক্রিয়া থাকলেও তহবিল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাচ্ছে না। শ্রীলঙ্কার নাগরিক সমাজ প্রশ্ন তুলছে, এই ব্যবস্থাগুলো কীভাবে বাস্তুচ্যুত মানুষ ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজন পূরণ করবে? তাই জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং স্থানীয় জনগোষ্ঠীর কাছে অর্থের কার্যকর ও সরাসরি প্রবাহ নিশ্চিত করতে হবে।

কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ, মুভমেন্ট ফর অ্যাডভান্সিং আন্ডারস্ট্যান্ডিং অফ সাস্টেনিবিলিটি এন্ড মিচ্যুয়ালিটি (মৌসম), ভারত ও লিডার্স বাংলাদেশ-এর সমন্বয়ে আয়োজিত প্রেস কনফারেন্স এ বক্তব্য রাখেন মৌসম, ভারত থেকে সৌম্য দত্ত, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ থেকে এম.এ. হাসান, পিপলস মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস, নেপাল থেকে প্রয়াস অধিকারী, ফিয়ান, শ্রীলংকা থেকে থিলক কারিয়াওয়াসাম, পৈরভি, ভারত থেকে, অজয় কুমার ও লিডার্স বাংলাদেশ থেকে মোহন কুমার মণ্ডল বক্তব্য রাখেন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝