ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সুস্থ দেশ গড়তে ডায়াবেটিস সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সম্মিলিত উদ্যোগে সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলতে হবে।

১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রপতি।

এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, প্রত্যেকের উচিত নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখা। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারাজীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনির জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। এমনকি সংক্রমণ ও অঙ্গচ্ছেদের মতো গুরুতর পরিস্থিতিও তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে সারাজীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন সম্ভব। তাই সুস্থ থাকতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, নগরায়ণের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। পাশাপাশি কায়িক পরিশ্রম কমে যাওয়ায় দিন দিন ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।

ডায়াবেটিস রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

বাণীর শেষাংশে তিনি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

 এসএ 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝