ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভারত সীমান্তে রক্তাক্ত অবস্থায় সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:১৪ পিএম
X

খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনীরকুল সীমান্তে ফেনী নদী থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীরকুল ও ভারতের সাবরুমের ঢোলবাড়ি অংশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মৃত মং মং মারমার ছেলে। তিনি ১৯৮৬ সালে স্বেচ্ছায় বিজিবি থেকে অব্যাহতি নেওয়া ভারত প্রত্যাগত শরণার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ফেনীরকুল ও ভারতের ঢোলবাড়ি সীমান্তের ২২১৪/১৮ এস পিলারসংলগ্ন ফেনী নদীর পাড়ে ঘাস কাটতে যান অংথৈইপ্রু মারমা। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় স্বজনরা তাঁর খোঁজ শুরু করেন। রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে শনিবার সকালে স্বজনরা স্থানীয়দের ও বিজিবির সহযোগিতায় আবারও খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ৭টার দিকে ভারতের ঢোলবাড়ি সীমান্তে ফেনী নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তাঁর ডুবন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ছেলে থংগো মারমা জানান, শুক্রবার রাত থেকে তাঁর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয় লোকজন ও বিজিবির সহযোগিতায় খোঁজাখুঁজির একপর্যায়ে সকালে ভারতের ঢোলবাড়ি অংশে নদীতে বাবার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, তাঁর বাবাকে বিএসএফ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে, নাকি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়েছে, তা তিনি নিশ্চিত নন। তবে কীভাবে তাঁর বাবার মৃত্যু হয়েছে, তা তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানান তিনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, খবর পেয়ে সকালে বিজিবির সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলটি বেশ সরু এবং সেখানে কংক্রিটের ব্লক রয়েছে।

ওসি আরও জানান, নিহতের ছেলে এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

কেএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝