ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধূসর বালুচরে সবুজের সমারোহ, মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে কোটি টাকার স্বপ্ন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম
X

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন মুজিবনগরের তেঁতুলিয়া নদীর ধূসর বালুচর এখন সবুজে ছেয়ে গেছে। বালুর বুক চিরে বেড়ে উঠেছে সারি সারি তরমুজগাছ। লতার ফাঁকে ঝুলছে ছোট-বড় অসংখ্য রসালো তরমুজ। আধুনিক মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষ করে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার খুলেছেন স্থানীয় কৃষকেরা। ইতোমধ্যে ক্ষেত থেকেই প্রায় ২ কোটি টাকার তরমুজ বিক্রি হয়েছে। মৌসুম শেষে বিক্রির পরিমাণ ৫ থেকে ৬ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

সাধারণত আমন ধান কাটার পর এ অঞ্চলে তরমুজের আবাদ শুরু হয়। তবে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এবার বর্ষাকালেই মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষ করেছেন কৃষকেরা। ফলে স্বাভাবিক মৌসুমের অনেক আগেই বাজারে তরমুজ সরবরাহ করতে পারছেন তাঁরা। অসময়ের তরমুজের চাহিদা ও ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি।

উপজেলা কৃষি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর মুজিবনগরের এই চরে মাত্র ১০ থেকে ১২ একর জমিতে তরমুজ চাষ হয়েছিল। আগের বছরের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার চাষের পরিমাণ বেড়ে শতাধিক একরে পৌঁছেছে। উর্বর পলিমাটি ও অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে বেশ ভালো। কোনো কোনো তরমুজের ওজন ১০ থেকে ১১ কেজি পর্যন্ত হয়েছে।

স্থানীয় কৃষক জহির এবার ১৫০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এবারই প্রথম ১৫০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করেছি। বীজ, সার ও পরিচর্যা বাবদ খরচ হয়েছে প্রায় ৩ লাখ টাকা। আগাম ফলন হওয়ায় পাইকাররা ক্ষেত থেকেই ভালো দামে তরমুজ কিনে নিয়ে গেছেন। খরচ বাদে এবার আমার প্রায় সাড়ে ৪ লাখ টাকা লাভ হয়েছে।”

আরেক চাষি মো. সেলিম বলেন, বর্ষা মৌসুমে মালচিং পেপার ব্যবহার করায় অতিবৃষ্টিতেও গাছের গোড়ায় পানি জমেনি। পাশাপাশি আগাছার উপদ্রব কম থাকায় তুলনামূলক কম খরচে ভালো ফলন পাওয়া গেছে। আগামী বছর আরও বড় পরিসরে তরমুজ চাষের পরিকল্পনা রয়েছে তাঁর।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, “তেঁতুলিয়ার এই চরের মাটি তরমুজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকেরা আমাদের পরামর্শে আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহার করে আগাম আবাদ করায় পোকার আক্রমণ কম হয়েছে এবং ফলনও ভালো মিলেছে। আগাম বাজারজাত করতে পারায় কৃষকেরা আর্থিকভাবে অনেক বেশি লাভবান হচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁদের সব ধরনের কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।”

বালুচরের এই সাফল্য চরফ্যাশনের অন্যান্য চরাঞ্চলের কৃষকদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা, কৃষি পরামর্শ ও উন্নত বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করা গেলে তেঁতুলিয়া নদীর এই চর দক্ষিণাঞ্চলের অন্যতম তরমুজ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। ধূসর বালুচরে সবুজের এই সমারোহ তাই শুধু কৃষির সাফল্য নয়, স্থানীয় কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতারও নতুন স্বপ্ন দেখাচ্ছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝