দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন আর শুধু একজন ব্যক্তির সমস্যা নয়; এটি প্রতিটি পরিবারের জন্য একটি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসা কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ তথা পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।
এর আগে সকাল সাড়ে ৮টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে অংশ নেন। দৌড় শেষে একই স্থানে এসে ম্যারাথনটি শেষ হয়।
পরে অডিটোরিয়াম চত্বরে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এসএইচ/আরএন