আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে আবেগঘন বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে পর্তুগাল দলের সবাই ৭ নম্বর জার্সি গায়ে মাঠে নামবে বলে জানা গেছে।
পর্তুগীজ সংবাদমাধ্যম ‘দিওরিও দে নোতিসিয়াস’-এর প্রতিবেদন অনুযায়ী, ডেনমার্কের বিপক্ষে ম্যাচে পর্তুগালের সব খেলোয়াড় মাঠে নামবেন রোনালদোর সঙ্গে পরিচিত ৭ নম্বর জার্সি পরে। ম্যাচ চলাকালেও তাকে সম্মান জানানো হবে। ব্রাগার এস্তাদিও মিউনিসিপালে ম্যাচের সপ্তম মিনিটে রাখা হয়েছে বিশেষ আয়োজন।
প্রতিবেদন অনুযায়ী, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা, কোচ হোর্হে জেসুস এবং দলের অভিজ্ঞ খেলোয়াড় বের্নার্দো সিলভা, রুবেন দিয়াজ ও ব্রুনো ফার্নান্দেজের এক বৈঠকে এই উদ্যোগের বিষয়ে আলোচনা হয়েছে। পর্তুগিজ ফুটবলে রোনালদোর অসামান্য অবদান উদযাপন এবং সমর্থকদের সাবেক অধিনায়ককে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতেই এই আয়োজন।
ক্লাব ও জাতীয় দল দুই পর্যায়েই ৭ নম্বর জার্সি রোনালদোর পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পর্তুগালের হয়ে ক্যারিয়ারের বড় একটা সময় এই নম্বরের জার্সি পরেই খেলেছেন ৪১ বছর বয়সী এই তারকা। দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। এর মধ্য দিয়ে পর্তুগালের জার্সিতে তার ২৩ বছরের পথচলার ইতি ঘটে। ২০০৩ সালের আগস্টে জাতীয় দলে অভিষেক হওয়া রোনালদো ক্যারিয়ার শেষ করেছেন ২৩৪ ম্যাচে ১৪৬ গোল নিয়ে। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা দুই রেকর্ডই তার দখলে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে পর্তুগালকে প্রথম বড় কোনো শিরোপা এনে দিয়েছিলেন রোনালদো। তার নেতৃত্বে ২০১৬ সালে ইউরো জেতে দলটি। এরপর ২০১৯ ও ২০২৫ সালে নেশন্স লিগের শিরোপাও জেতে পর্তুগাল।
রোনালদোর বিদায়ে পর্তুগিজ ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। এখন বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ ও রুবেন দিয়াজের মতো অভিজ্ঞদের সামনে নতুন যুগে দলকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ।
উল্লেখ্য, ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
টিআই