একুশ বছর পর আবারও সেই পাকিস্তান। প্রতিপক্ষ সেই দল, মঞ্চও সেই সাফ চ্যাম্পিয়নশিপ। ব্যবধান শুধু সময়ের। ২০০৫ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানকে হারিয়ে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
আগামীকাল শনিবার রাত সাড়ে ৮ টায় আবার সেমিফাইনালে মুখোমুখি দুই দেশ। দীর্ঘ ২১ বছর পর আবারও ফাইনালে ওঠার হাতছানি লাল-সবুজের সামনে। এবারো প্রতিপক্ষ সেই পাকিস্তান। সেবার করাচি, এবার ঢাকা। স্বপ্নটাও আগের মতোই-ফাইনালে খেলা।
২০০৫ সালের ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ৪৪ মিনিটে বাংলাদেশ পেয়েছিল পেনাল্টি। ডিফেন্ডার মোহাম্মদ সুজনের নিখুঁত কিকে কেঁপেছিল পাকিস্তানের জাল।
সেই জয় শুধু একটি ম্যাচের জয় ছিল না, বাংলাদেশের ফুটবলের জন্য ছিল বিশেষ এক অর্জন। বিজয় দিবসের মাত্র দুই দিন আগে পাকিস্তানের মাটিতে তাদেরকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দ ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ দলের খেলোয়াড় থেকে শুরু করে করাচিতে থাকা বাংলাদেশি সমর্থকদের মধ্যে। পাকিস্তানের মাটিতে এমন জয় ছিল অন্যরকম আবেগের।
এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এই সময়ে ৮ টি সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশ। কিন্তু কোনো আসরেই ফাইনালের মঞ্চে পৌঁছাতে পারেনি। কখনো গ্রুপ পর্বে বিদায়, কখনো সেমিফাইনালের বাধা টপকাতে না পেরে ফাইনালের স্বপ্ন অধরাই থেকেছে। দীর্ঘ অপেক্ষার পর সর্বশেষ আসরে আবারও সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এবার সেই সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠার সামনে দাঁড়িয়ে দল।
বাংলাদেশ-পাকিস্তান ফুটবল দ্বৈরথের ইতিহাসও বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক। দুই দেশের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় আটটি, পাকিস্তানের পাঁচটি। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র। ১৯৯৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৫ সালের সাফেও ১-০ গোলের জয় পায় লাল-সবুজের দল। ২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানকে ঢাকায় ৩-০ গোলে হারানোর স্মৃতিও আছে।
সর্বশেষ ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাসেও স্বস্তির জায়গা রয়েছে বাংলাদেশের।
তবে পরিসংখ্যান কিংবা অতীতের স্মৃতি দিয়ে সেমিফাইনালের লড়াই জেতা যাবে না। ফাইনালে উঠতে হলে মাঠের লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে হবে বাংলাদেশকে। বিদেশের লিগে খেলা এক ঝাঁক ফুটবলার আছেন পাকিস্তানের এই দলে। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে ও মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
২১ বছর আগে করাচিতে যে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, এবার ঢাকায় সেই প্রতিপক্ষকে হারিয়ে কি আবারও ফাইনালে ফিরতে পারবে লাল-সবুজের দল? বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেই উত্তরের।
টিআই