২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন-উসমান খাজার এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘ডাহা মিথ্যা’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
শুক্রবার (১৩ নভেম্বর) সিডনির ক্রিকেট সেন্টারে সংবাদ সম্মেলনে খাজার বইয়ে করা বিভিন্ন অভিযোগের জবাব দেন কামিন্স। প্রায় ৬৮ মিনিটের দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানান, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করার পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন-এ দাবি সঠিক নয়।
কামিন্স বলেন, ‘উসমান যখন বলেন, আমরা সবাই জানতাম, যদি তিনি বোঝাতে চান যে মাঠে স্যান্ডপেপার ব্যবহার করা হচ্ছে, তাহলে তিনি শতভাগ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি। আমি জানতাম না যে এমন কিছু ঘটছিল।’
খাজার অভিযোগের আরও কঠোর সমালোচনা করে অস্ট্রেলীয় অধিনায়ক বলেন, তাঁকে এবং অন্য কয়েকজনকে বল টেম্পারিংয়ের পরিকল্পনার অন্যতম রূপকার হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণ অবাস্তব। তাঁর ভাষায়, ‘এটা সম্পূর্ণ অর্থহীন ও ভিত্তিহীন অভিযোগ।’
খাজার বইয়ে উঠে আসা আরেকটি বিষয় নিয়েও বিস্ময় প্রকাশ করেন কামিন্স। তাঁর দাবি, স্যান্ডপেপার ব্যবহারের সময় সতর্ক থাকতে সতীর্থ ক্যামেরন ব্যানক্রফটকে খাজা পরামর্শ দিয়েছিলেন-এ তথ্য জেনে তিনি বিস্মিত হয়েছেন।
কামিন্স বলেন, উসমান তাঁর দীর্ঘদিনের বন্ধু হলেও বন্ধুত্বের সম্পর্কের কারণে অন্যের জীবন ও সুনাম নিয়ে অসতর্ক মন্তব্য করা উচিত নয়। তাঁর মতে, খাজার বক্তব্যে শুধু তাঁর নিজের নয়, আরও অনেকের এবং অস্ট্রেলীয় ক্রিকেটের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলের পরিবেশ নিয়েও কিছুটা সমালোচনা করেছেন কামিন্স। তিনি স্বীকার করেন, তখন দলের মধ্যে যেকোনো মূল্যে জয়ের মানসিকতা ছিল এবং দলের ভেতরে বিভক্তিও ছিল। তাঁর ভাষায়, সেই সময় দলের মধ্যে একটি অন্ধকার দিক ছিল, যা পরবর্তী আট বছরে অনেকটাই পরিবর্তন করা হয়েছে।
কেপটাউন টেস্টের আগে পোর্ট এলিজাবেথ টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে খাজার অভিযোগের বিষয়টি তাঁর কাছে নতুন বলেও জানান কামিন্স। তিনি বলেন, এ বিষয়ে আগে কিছুই জানতেন না এবং বিষয়টি তাঁর কাছে বিস্ময়কর।
বল টেম্পারিংয়ের ঘটনায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের শাস্তি নিয়েও প্রশ্ন তুলেছেন অস্ট্রেলীয় অধিনায়ক। তাঁর মতে, তাঁদের দেওয়া শাস্তি প্রয়োজনের তুলনায় অনেক বেশি কঠোর ছিল।
খাজার সঙ্গে এ সপ্তাহে কথা হয়েছে বলেও নিশ্চিত করেছেন কামিন্স। তবে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে, তা নিয়ে তিনি কিছুটা চিন্তিত। যদিও খাজার কিছু অভিযোগ মানহানিকর হতে পারে বলে তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে, তবু আইনি পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
কামিন্সের মতে, আট বছর আগের সেই ঘটনা অস্ট্রেলীয় ক্রিকেট, খেলোয়াড় ও সমর্থকদের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। তাই বিষয়টি নিয়ে দায়িত্বশীলভাবে কথা বলা প্রয়োজন।
এফএস