ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গায় ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বোকাখাত থেকে নগাঁওগামী মিনিবাসকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে কাজিরাঙ্গার কাছে রংরাজন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা পিটিআইকে আসামের গোলঘাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকরা এই দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
সংঘর্ষে মিনিবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন। পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজ শুরু করে বাসে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন।
গোলঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা বলেন, আমরা প্রাথমিক একটি প্রতিবেদন পেয়েছি, দুর্ঘটনায় অন্তত সাতজন মারা গেছেন। আমরা ঘটনাস্থলে আছি, বাস থেকে মরদেহগুলো উদ্ধার করা হচ্ছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।
আহতদের চিকিৎসার জন্য স্থানীয় কোহরা মডেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও যোগ করেন, বাসটি দ্রুত গতিতে চলছিল। সেটি পার্কের আশপাশের এলাকার জন্য যে গতিসীমা নির্ধারিত ছিল তা অমান্য করছিল। আমাদের ধারণা, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি কন্টেইনার ট্রাকের সঙ্গে ধাক্কা খায় এবং তখনই এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আজ ভোরের কাজিরাঙ্গার এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই প্রাণহানির ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমার সমবেদনা রইল। কোনো শব্দ দিয়ে তাদের এ কষ্ট কমানো সম্ভব নয়, তবে আমি চাই তারা যেন জানেন, তারা একা নন। শোকের এই সময়ে পুরো আসাম তাদের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের এখন প্রধান অগ্রাধিকার হলো আহতরা যেন দ্রুত সময়ের মধ্যে সর্বোত্তম চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।
সূত্র: এনডিটিভি
টিআই