যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
স্থানীয় সময় বুধবার বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজের জন্য খনন করা একটি স্থানের পাশে থাকা ভবনটি হঠাৎ ধসে পড়ে। এতে আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে প্রায় ২৫০ জন জরুরি সেবাকর্মী অংশ নেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ড্রোন, প্রশিক্ষিত কুকুর ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে নির্মাণশ্রমিকও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এফএস