
সংগৃহীত ছবি
বিগত আওয়ামী লীগ শাসনামল এবং জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে জেলায় জেলায় যাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের শাসন আমলে অনেক মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। প্রত্যেক জেলায় ক্রসফায়ারের মতো ঘটনা ঘটেছে বা গুম অপহরণের মতো ঘটনা ঘটেছে।
জুলাই আন্দোলনে অনেক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে অথবা গুম বা পঙ্গু করে দেওয়া হয়েছে।
‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক জেলায় প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন এজেন্সির যৌথ প্রযোজনায় প্রত্যেক জেলা সরজমিনে আমরা ভিজিট করব, সেখানে আমরা গণশুনানি নেব এবং সেখানে যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেটি আমরা চিহ্নিত করব।
সেটি যদি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আওতায় পড়ে, সেগুলো আমরা আমাদের ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব।’
চিফ প্রসিকিউটর বলেন, যেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কাভার করবে, এরকম কোন অপরাধ যদি কোনো জেলায় সংঘটিত হয়, সরজমিনে সেখানে যাব, গণশুনানি করব এবং কোনো অপরাধ যদি সেখানে পাওয়া যায়, সেটা আমরা চিহ্নিত করে আসামিদের গ্রেপ্তারেরও ব্যবস্থা করব, অন দ্য স্পট।
এ কাজে সরকার পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।
টিআই