
সংগৃহীত ছবি
দেশের জ্বালানি চাহিদা পূরণে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস ও সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিংসহ কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই সঙ্গে নাইজেরিয়ার দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনা, পবিত্র রমজান উপলক্ষে ছয় হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির দরপত্রের সময়সীমা কমানো এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাপানের প্রতিষ্ঠান জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছিল। তখন এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তির (এসপিএ) খসড়া এবং টার্ম শিট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মাধ্যমে যাচাই বা ভেটিং করিয়ে গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করে পুনরায় উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী ভেটিং গ্রহণ এবং চুক্তির খসড়া সংশোধন করে নতুন করে প্রস্তাব উপস্থাপন করা হয়।
এলএনজি এসপিএ ও টার্ম শিটটি নন-বাইন্ডিং বা বাধ্যতামূলক নয়। উভয়পক্ষের সম্মতিতে চুক্তিটি বাতিল করা যাবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এডনক ট্রেডিং লিমিটেডের কাছ থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।
প্রস্তাবে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি সরবরাহের পাশাপাশি স্বল্পমেয়াদে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এডনক ট্রেডিং স্বল্পমেয়াদে বাংলাদেশে এলএনজি সরবরাহের আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পাঠায়। পেট্রোবাংলা প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদনের জন্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠায়।
প্রস্তাব অনুযায়ী, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি এলএনজি সরবরাহ করতে পারে। এর মধ্যে ২০২৭ সালে ছয়টি, ২০২৮ সালে ছয় থেকে ১২টি এবং ২০২৯ সালে ১২টি কার্গো সরবরাহের প্রস্তাব রয়েছে। প্রতি কার্গোর পরিমাণ হবে আনুমানিক ৩০ লাখ থেকে ৩৫ লাখ এমএমবিটিইউ, এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশের সুযোগ থাকবে।
প্রস্তাবিত ইউনিট মূল্য প্রতি এমএমবিটিইউতে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের সঙ্গে শূন্য দশমিক ১১ মার্কিন ডলার যোগ করে নির্ধারণের কথা বলা হয়েছে। তবে এ মূল্য নন-বাইন্ডিং বা চূড়ান্ত নয়। নীতিগত অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং অনুযায়ী এলএনজি ক্রয়চুক্তি চূড়ান্ত করা হবে।
এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে নাইজেরিয়ার ওজিমাদু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড এবং উজ্জি জেমস বীহাইভের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, পবিত্র রমজান ২০২৭ উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে খেজুর কেনার ক্ষেত্রে দরপত্রের বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা কমানোর প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০২(১)(ক) অনুযায়ী এ প্রস্তাব আনা হয়।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রস্তাবে প্রকল্পটির আওতায় মোবাইল নেটওয়ার্ক কাভারেজ স্থাপনের কথা বলা হয়েছে।
টিআই