ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উৎপাদন বাড়লেও কাটছে না মসলার আমদানির চাপ
✎ সাদ্দাম খান
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও এখনো কাক্সিক্ষত মাত্রায় কমানো যাচ্ছে না আমদানিনির্ভরতা। ফলে প্রতি বছর বিদেশ থেকে মসলা আমদানি করতে গিয়ে সরকারের বড় অংকের বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০২৪-২৫ অর্থবছর জুড়েই মসলা আমদানিতে দেশের ব্যয় হয়েছে প্রায় ৪৫৯ মিলিয়ন মার্কিন ডলার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা গবেষণা এবং সম্প্রসারণমূলক কার্যক্রমের ফলে পেঁয়াজ, রসুন, আদা ও কালোজিরার মতো কিছু মসলার উৎপাদন বেশ সন্তোষজনক হারে বেড়েছে। এমনকি মাঠপর্যায়ে জিরা চাষ সম্প্রসারণেও নতুন নতুন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। তা সত্ত্বেও সামগ্রিক আমদানিনির্ভরতা পুরোপুরি কাটানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি উত্তরণে উন্নত জাতের বীজ উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রবর্তন এবং সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ বহুগুণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) কৃষিবিদ মো. মাসুদুর রহমান সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের মসলা উৎপাদনের সুনির্দিষ্ট চিত্র তুলে ধরেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে আদার উৎপাদন ছিল ২.৪৭ লাখ টন, যা বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে দাঁড়ায় ২.৫১ লাখ টনে। একই সময়ে পেঁয়াজের উৎপাদন ৩৪.৫৬ লাখ টন থেকে রেকর্ড লাফিয়ে ৫০.৯১ লাখ টনে পৌঁছেছে। পাশাপাশি রসুনের উৎপাদন ৬.৪১ লাখ টন থেকে বেড়ে ৮.৪৮ লাখ টন, হলুদের উৎপাদন ১.৫৮ লাখ টন থেকে ১.৫৯ লাখ টন এবং কালোজিরার উৎপাদন ০.১২ লাখ টন থেকে বেড়ে ০.১৩ লাখ টনে উন্নীত হয়েছে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের পণ্যভিত্তিক বৈদেশিক বাণিজ্যের হিসাব বলছে, আলোচিত ২০২৪-২৫ অর্থবছরে মসলা আমদানিতে প্রায় ৪৫৯ মিলিয়ন ডলার খরচ হওয়ার বিপরীতে এই খাত থেকে রপ্তানি আয় এসেছে মাত্র ৫৬.৪ মিলিয়ন ডলারের মতো। ফলে কেবল এই এক খাতেই বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০৫ মিলিয়ন ডলার।

কাঁচা ফসল উৎপাদনের পাশাপাশি মসলাকে প্রক্রিয়াজাত করে রপ্তানি কিংবা স্থানীয় বাজারে মূল্য সংযোজনের বড় সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গুঁড়া ও মিশ্র মসলা, আদা-হলুদ ও মরিচের গুঁড়া কিংবা রসুনের পেস্টের মতো পণ্যে বাণিজ্যিক বিনিয়োগ বাড়ানো গেলে দেশে একটি শক্তিশালী কৃষিপণ্যভিত্তিক শিল্প গড়ে উঠতে পারে। তবে বিশ্ববাজারে টিকে থাকতে হলে পণ্যের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখা, নিরাপদ প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করা, আর্দ্রতা নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং এবং পরীক্ষাগারভিত্তিক মান যাচাইয়ের মতো আন্তর্জাতিক মানদণ্ডগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, কেবল আবাদ ও উৎপাদন বাড়িয়েই মসলা খাতের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। ফসল তোলার পরের পর্যায় বা উৎপাদনোত্তর ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ থেকে তোলার পর সঠিকভাবে শুকানো, গ্রেডিং করা, মানসম্মত সংরক্ষণাগারে রাখা এবং প্রক্রিয়াজাতকরণের যথাযথ ব্যবস্থা না থাকলে কৃষকরা যেমন পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন, তেমনি বড় অংকের ফসল নষ্ট হওয়ার ঝুঁকিও থাকে।

এই সমস্যা সমাধানে বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। তাদের মতে, অঞ্চলভিত্তিক চাহিদা, উৎপাদন ঘাটতি এবং আঞ্চলিক উপযোগিতা বিচার করে অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা সাজাতে হবে। একই সঙ্গে কৃষকদের মানসম্মত বীজ সরবরাহ এবং আধুনিক চাষাবাদ, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমনের ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া জরুরি। উৎপাদন এলাকায় পর্যাপ্ত কোল্ড স্টোরেজ বা শুকানোর আধুনিক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি কৃষক দল ও উৎপাদক সমবায়গুলোকে শক্তিশালী করতে হবে, যাতে পাইকার, প্রক্রিয়াজাতকারী ও রপ্তানিকারকদের সঙ্গে কৃষকদের সরাসরি সংযোগ স্থাপন করা সহজ হয়।

বিশ্বে ব্যবহৃত প্রায় ১০৯ প্রকার মসলার মধ্যে বাংলাদেশে নিয়মিত প্রায় ৫০ ধরনের মসলার ব্যবহার রয়েছে। এর মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, হলুদ ও ধনিয়া প্রধান হলেও জিরা, এলাচ, দারুচিনি ও লবঙ্গ মূলত সম্পূর্ণ আমদানিনির্ভর মসলা হিসেবে পরিচিত। তবে এই দীর্ঘদিনের নির্ভরতার চিত্র বদলাতে এখন মাঠে নেমেছে ‘বারি জিরা-১’।

প্রাথমিক পর্যায়ে বিগত ২০২৪-২৫ অর্থবছরে দেশের ১০টি জেলায় জিরার প্রদর্শনী প্লট স্থাপন করে সফলতা পাওয়ার পর, পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরে বগুড়া মসলা গবেষণা কেন্দ্র থেকে ৬০ জন কৃষককে বিশেষ প্রশিক্ষণ দিয়ে জিরার প্রদর্শনী প্লট দেওয়া হয়। এই ধারাবাহিক সফলতার অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ১৩০ জন কৃষককে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় বীজ সরবরাহ করা হয়েছে, যা দেশে প্রথমবারের মতো বাণিজ্যিক জিরা উৎপাদনে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তবে কৃষিবিদদের মতে, জিরা চাষের এই ধারাকে স্থায়ী রূপ দিতে হলে একাধিক মৌসুমের ফলন বিপর্যয় বা সাফল্যের হার, উৎপাদন খরচ, রোগবালাইয়ের ঝুঁকি, আবহাওয়া এবং বাজারের তারতম্য দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করতে হবে।

দেশের বাজারে মসলার দামের অস্থিরতা রোধ, ঘাটতি পূরণ এবং অপচয় রোধে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধ্যকার সমন্বয় আরও দৃঢ় করে গবেষণলব্ধ প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পের সাফল্য মূল্যায়নে কেবল মোট উৎপাদনের অঙ্ক না দেখে কৃষকের প্রকৃত আয় বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং আমদানি বিকল্প সৃষ্টির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম মনে করেন, দেশে বর্তমানে যেভাবে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। যদি সঠিক সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা যায় এবং আগামী দুই থেকে চার বছর এই ধারা অব্যাহত রাখা সম্ভব হয়, তবে ভবিষ্যতে পেঁয়াজ আমদানির আর কোনো প্রয়োজনই থাকবে না। পাশাপাশি রসুনের উৎপাদন আরও বাড়ানো এবং পাহাড়ি অঞ্চলে আদা ও অন্যান্য মসলা চাষের ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও উল্লেখ করেন, একবার প্রকল্প গ্রহণ করে তা মাঝপথে বন্ধ না করে নিয়মিত ও সম্প্রসারিত আকারে তা বজায় রাখা দরকার। কৃষকদের উৎসাহিত করতে বর্তমান পর্যায়ে ভর্তুকি ও প্রণোদনা অব্যাহত রাখতে হবে, তবে খাতটিতে পূর্ণ স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হলে ধীরে ধীরে এই সহায়তা কমিয়ে আনা যেতে পারে।

-এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝