সড়কপথে সুন্দরবন ভ্রমণের অন্যতম প্রবেশদ্বার সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য, নদ-নদী, বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের আকর্ষণে দিন দিন বাড়ছে এই রেঞ্জে পর্যটকদের আগ্রহ। তবে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় এবার কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ট্যুর ব্যবসায়ী ও শ্রমিকরা।
মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী কিংবা কদমতলা যে পথেই সুন্দরবনে প্রবেশ করুন, ট্রলার ছাড়ার পর থেকেই চোখে পড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। দুই পাশে সারি সারি গরান, গেওয়া, কেওড়া ও সুন্দরী গাছের সবুজ বন। মাঝ দিয়ে বয়ে চলেছে খোলপেটুয়া, কালিন্দী, কপোতাক্ষ ও রায়মঙ্গল নদী। ভাটার সময় জেগে ওঠা চরে লাল কাঁকড়ার ছোটাছুটি, আবার জোয়ারে নদীতে ডলফিনের বিচরণ মুগ্ধ করে পর্যটকদের।
তবে আপাতত সেই সৌন্দর্য উপভোগের সুযোগ সীমিত হয়েছে পর্যটকদের জন্য।
গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। বন বিভাগ ও কোস্টগার্ডের উদ্ধার অভিযানের পর ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিনদিনের ভ্রমণের অনুমতি দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।
গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মৌখিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবন ভ্রমণ করছেন। কিন্তু এ ধরনের ঘটনা আগে ঘটেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ কারণে যদি পারমিশন বন্ধ করা হয়, তাহলে আমাদের কিছু করার নেই। আগামীকাল ট্রলার মালিক ও শ্রমিকেরা মিলে আলোচনা করে বিভাগীয় বন কর্মকর্তার কাছে যাবেন।
বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডির ট্রলারে তিনদিনের ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। তবে আগের নিয়মে একদিনের ভ্রমণের অনুমতি চালু থাকবে। তিনদিনের অনুমতি বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।
নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে, এমন প্রশ্নে তিনি জানান, আপাতত অনির্দিষ্টকালের জন্য এ অনুমতি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
বন বিভাগ ও ট্যুর অপারেটর সূত্রে জানা যায়, এর আগেও সুন্দরবনে পর্যটকবাহী নৌযান দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান ১৬ বছর বয়সী পর্যটক মাহিত আব্দুল্লাহ। এছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরেকটি জালিবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের সিদ্ধান্তের পাশাপাশি নৌযানের নিরাপত্তাব্যবস্থা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট, প্রশিক্ষিত কর্মী ও জরুরি উদ্ধারব্যবস্থা কতটা কার্যকর সেই প্রশ্নও সামনে আসছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয় মানুষদের জীবিকা কীভাবে সুরক্ষিত থাকবে, তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।
টিআই