কক্সবাজারের চকরিয়ায় সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছিলেন ছেলে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনায় নিহত হয়েছেন বাবুল দে (৬৫)।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবুল দে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ডুলাহাজারা বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল দে। একই সময়ে তাঁর ছেলে রনি দে-ও অন্য একটি মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় বাবাকে রক্তাক্ত অবস্থায় মহাসড়কে পড়ে থাকতে দেখেন তিনি।
এ সময় বাবুল দের কোমর থেকে নিচের অংশ থেঁতলানো ছিল। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান ছেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।
পরিবারের পক্ষ থেকে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এফএস