রাঙ্গামাটিতে হারিয়ে যাওয়া ৪৮টি মোবাইল ফোন এবং ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৪৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই সময়ে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে সংস্থাটির বিশেষায়িত সাইবার ক্রাইম সেল।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেটস্থ ১৮ এপিবিএনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
১৮ এপিবিএন সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসে হারানো মোবাইল ফোন ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষায়িত সাইবার ক্রাইম সেল প্রযুক্তিগত অনুসন্ধান চালায়। অনুসন্ধানের মাধ্যমে ৪৮টি হারানো মোবাইল ফোন এবং ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৪৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা সম্ভব হয়।
অনুষ্ঠানে টাকা ফেরত পাওয়া এক ভুক্তভোগী জানান, ভুলবশত তাঁর ২৩ হাজার টাকা অন্য একটি মোবাইল নম্বরে চলে যায়। পরে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করে টাকা ফেরত চাইলে ওই ব্যক্তি দুর্ব্যবহার করেন এবং টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে তিনি ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেলের সহযোগিতা নেন। সেলটির প্রচেষ্টায় তিনি সম্পূর্ণ টাকা ফেরত পান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম। এ সময় সহকারী পুলিশ সুপার এ কে এম আলিনুর হোসেনসহ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, জনগণকে সেবা ও আইনি সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব। মোবাইল হারানো কিংবা ভুলবশত অন্য নম্বরে টাকা চলে যাওয়ার মতো ঘটনায় হতাশ না হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া উচিত।
তিনি সাইবার অপরাধ ও প্রতারণা থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসআই/আরএন