কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে গাছ পাচারকারী সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, ইউনিয়নের অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট ব্যবহার করে প্রতিদিন পিকআপ ও ট্রলিযোগে পাচার করা হচ্ছে সামাজিক বনায়নের গাছ, পাহাড়ি বৃক্ষ এমনকি বন বিভাগের জায়গায় থাকা মূল্যবান মাতৃগাছও। দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেনকে ম্যানেজ করেই একটি প্রভাবশালী চক্র নির্বিঘ্নে গাছ পাচার করে যাচ্ছে। বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পাচারকারী সিন্ডিকেটের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন টইটং বনবিট এলাকায় দীর্ঘদিন ধরে গাছ পাচারের তৎপরতা চলছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সক্রিয় হয়ে ওঠে পাচারকারীরা। ধনিয়াকাটা বাজার সড়ক, আব্দুল্লাহপাড়া সড়ক, মৌলভীপাড়া সড়ক, হাজি বাজার ঢালারমুখ সড়ক, বনকানন বাজার সড়ক, টইটং বাজার স্কুল সড়ক ও বটতলী বাজার সড়কসহ বিভিন্ন পথ ব্যবহার করে এসব গাছ সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, শুধু পাহাড়ি বন কিংবা সামাজিক বনায়নের গাছই নয়, গভীর রাতে বন বিভাগের জায়গা থেকে মূল্যবান মাতৃগাছও কেটে পাচার করা হচ্ছে। এমনকি বনবিট কার্যালয়ের সামনে দিয়েও গাছবোঝাই যানবাহন চলাচল করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ পরিস্থিতিতে বনবিট কর্মকর্তার দায়িত্ব পালন নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ ও সন্দেহ তৈরি হয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, বন বিভাগ মাঝেমধ্যে লোকদেখানো অভিযান পরিচালনা করলেও গাছ পাচার বন্ধে তা কার্যকর ভূমিকা রাখছে না। যেসব গাছ ব্যবসায়ীর সঙ্গে বন বিভাগের কথিত লেনদেনের সমঝোতা হয় না, কেবল তাঁদের গাছ জব্দ করেই অভিযান সফল হিসেবে দেখানো হয়। অন্যদিকে প্রভাবশালী পাচারকারীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
এদিকে গাছ পাচারের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয়দের হুমকি-ধমকির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কেউ প্রতিবাদ করলে বনবিট কর্মকর্তার পক্ষ থেকে মামলার ভয় দেখানো হয় বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাকের ডগায় দিনের পর দিন সরকারি বনায়ন ও পাহাড়ি গাছ উজাড় হলেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কার আশ্রয়-প্রশ্রয়ে চলছে এই গাছ পাচারের মহোৎসব?
পরিবেশ ও বনসম্পদ রক্ষায় অবিলম্বে টইটং বনবিট এলাকায় নিরপেক্ষ তদন্ত, রাতের বেলায় বিশেষ নজরদারি এবং গাছ পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তাঁরা।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে টইটং বনবিট কর্মকর্তা আবদুল মোতালেব মোমেন বলেন, “গতরাত সারারাত রাস্তায় ছিলাম। একটি গাড়িও বের হতে দেখিনি। তবে ঢালারমুখ দিয়ে হয়তো আমাদের অজান্তে কিছু গাছ বের হতে পারে। সরকারি সম্পদ রক্ষায় আমরা সর্বদা সোচ্চার থাকি।”
তিনি অভিযোগগুলো সরাসরি অস্বীকার করেন।
এনইউ/আরএন