ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কারিগরি ত্রুটিতে ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে। 

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন বিআইডব্লিউটিএর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সংস্থাটির একটি বার্জ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, যান্ত্রিক বা কারিগরি ত্রুটির কারণে ক্রেনটির সামনের অংশ ভেঙে পড়েছে।

সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন পরিচালনার কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর হঠাৎ ক্রেনের সামনের একটি অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

জাহাজটির মাস্টার মো. আলমগীর হোসেন জানান, প্রতি সপ্তাহের মতো এবারও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ক্রেন পরিচালনা করা হচ্ছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় জাহাজের একজন কর্মী আতঙ্কিত হয়ে জ্ঞান হারান। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।

উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর কমান্ডার আব্দুল্লাহ আল বাকী বলেন, ক্ষতিগ্রস্ত ক্রেনটি উদ্ধারে কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এ কাজে সহায়তার জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে ক্রেনটি ভেঙে পড়ে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি বার্জ বা পন্টুন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, ২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’কে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএর ঘাটে স্থানান্তর করা হয়। জাহাজটির ধারণক্ষমতা ২৫০ টন। বড় ধরনের দুর্ঘটনা ছাড়া সাধারণত এটি চলাচল করে না।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝