ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চকরিয়ায় মহাসড়কে ঝরল আরও দুই প্রাণ, চার দিনে নিহত ৫
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম
X

কক্সবাজারের চকরিয়ায় থামছে না মৃত্যুর মিছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে মহাসড়কের ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে মহাসড়কের চকরিয়া অংশে এক শিশুসহ মোট পাঁচজনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন—চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকার বাসিন্দা এবং ডুলাহাজারা বাজারের ‘বাবুল ফার্মেসি’র স্বত্বাধিকারী বাবুল (৫০) ও একই উপজেলার খুটাখালী এলাকার মিজানুর রহমানের ছেলে রনি (২৮)।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিয়া জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ডুলাহাজারা বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ফার্মেসি ব্যবসায়ী বাবুল। রাত সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজ গেট এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির অজ্ঞাতনামা গাড়ি তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আকস্মিক এ ঘটনায় ডুলাহাজারা বাজারের ব্যবসায়ী মহল ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খুটাখালীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

অন্যদিকে, প্রথম দুর্ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের খুটাখালী বাজার এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী রনিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান রনি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার দিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গা ও মালুমঘাট হাইওয়ে থানার আওতাধীন চকরিয়া অংশে এক শিশুসহ মোট পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের এ অংশে যানবাহনের বেপরোয়া গতি, সড়কের অপ্রশস্ততা এবং রাতের বেলায় ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত সৌদিয়া পরিবহনের বাস ও অপর অজ্ঞাতনামা গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝