ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১৫ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় সেই প্রধান শিক্ষককে অন্য বিদ্যালয়ে সংযুক্তি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম
X

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে বকঠোকরার মতো কেটে দেওয়ার ঘটনায় আলোচিত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁকে উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সায়েদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত তাঁর সংযুক্তির মেয়াদ থাকবে। ১১ নভেম্বর বিকেলের মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১২ নভেম্বর থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

এর আগে গত রোববার (৮ নভেম্বর) দ্য ডেইলি অবজার্ভারে ‘নওগাঁয় ১৫ শিক্ষার্থীর চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।

গত শনিবার (৭ নভেম্বর) দুপুরে কোলার পালশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে কেটে দেওয়ার অভিযোগ ওঠে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে চুল কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার পাশাপাশি ওই শিক্ষক এর আগেও তাদের মারধরসহ বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। এমনকি এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিভাবক মিতা বানু অভিযোগ করেন, কয়েক দিন আগে তাঁর ছেলেকে এমনভাবে মারধর করা হয়েছে যে তার দুই পা রক্তাক্ত হয়ে যায়। এ ঘটনার পর ভয়ে সে আর বিদ্যালয়ে যেতে চায় না। অন্য অভিভাবকেরাও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম শিক্ষার্থীদের চুল কাটার কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, শিক্ষার্থীদের চুল বড় হয়ে চোখের ওপর এসে পড়ছিল। এ কারণে কয়েকজন শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন।

বদলগাছী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ছাইদুল ইসলাম বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অভিযুক্ত শিক্ষককে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সায়েদুল ইসলাম বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শিক্ষককে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝