চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সন্তোষপুর ইকোপার্কের পাশে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার সেনেরহুদা গ্রামের মাদরাসাপাড়ার বাসিন্দা ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি সড়কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশে একটি নীল রঙের মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে তেল নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। পরে সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন একটি খেজুরগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এফএস