দেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা ও সার্কাসকে আবার জনপ্রিয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। এ শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী, বাদ্যযন্ত্রশিল্পী, উদ্যোক্তা ও আয়োজকদের পাশাপাশি মেলাকে ঘিরে গড়ে ওঠা ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা ও কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনায় রাখা হবে।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘পরিবেশনাধর্মী শিল্প: সার্কাস ও যাত্রাপালা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ কথা জানান।
মন্ত্রী বলেন, এক সময় দেশের নানা অঞ্চলে বাণিজ্যিক উদ্যোগে যাত্রাদল গড়ে উঠত। গ্রামবাংলার মানুষের বিনোদনের প্রধান অবলম্বন ছিল যাত্রাপালা ও সার্কাস। তবে সময়ের পরিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসার এবং বিনোদনের নানা বিকল্প তৈরি হওয়ায় এসব শিল্পের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে।
তিনি আরও বলেন, যাত্রাপালায় অনেক সময় অরুচিকর উপস্থাপনা ও নাচ যুক্ত হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে এ শিল্প উপভোগ করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থা কাটাতে জীবনঘনিষ্ঠ, সংগ্রামী চেতনাসমৃদ্ধ, সমাজসচেতনতামূলক ও মানসম্মত যাত্রাপালা ও সার্কাস চর্চায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, যাত্রাপালা ও সার্কাসের মতো ঐতিহ্যবাহী পরিবেশনাশিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার সম্ভাব্য সব উদ্যোগ নেবে। আগামী ডিসেম্বরে সারা দেশের সব জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এসব উৎসবে ইতিবাচক ও সৃজনশীলভাবে অংশ নিতে যাত্রা ও সার্কাস দলের প্রতিনিধিদের আগামী পাঁচ দিনের মধ্যে নির্দিষ্ট প্রস্তাব জমা দিতে বলেন তিনি।
প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সবার জন্য সুস্থ ও মানসম্মত বিনোদন নিশ্চিত করতে সরকার কাজ করছে। যাত্রাপালা ও সার্কাস আয়োজনে বর্তমানে যেসব বাধা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দূর করতে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট করে একটি বিশেষ সেল গঠনের প্রস্তাব দেন তিনি। এতে অনুমতি-সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্টরা সরাসরি যোগাযোগ করতে পারবেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, যাত্রাপালা ও সার্কাসকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। পরিবারের সব বয়সী মানুষ যাতে একসঙ্গে উপভোগ করতে পারেন, সে জন্য রুচিশীল, সৃজনশীল ও কাহিনিনির্ভর পরিবেশনা নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন অর রশিদ কর্মশালা সঞ্চালনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈশান কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন।
দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি খ্যাতনামা যাত্রাদল ও ১২টি সার্কাস দলের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। সেখানে তাঁদের অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
এসএস