সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কল্যাণের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিশুদের নিরাপদ পরিচর্যার পরিবেশ উন্নয়নে মোট ১ কোটি ৩০ লাখ টাকার অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এ অনুদানের আওতায় উত্তরা, ঢাকায় অবস্থিত এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা, এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠান তিনটির সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্টদের জন্য আরও উন্নত ও সহায়ক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে কমিউনিটি ব্যাংক।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন সংশ্লিষ্ট তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংকের এ উদ্যোগ কেবল আর্থিক সহায়তা প্রদান নয়; বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ব্যাংকের দায়িত্বশীল ভূমিকার একটি দৃষ্টান্ত। ব্যাংক বিশ্বাস করে, একটি প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য কেবল আর্থিক প্রবৃদ্ধি কিংবা ব্যবসায়িক অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং মানুষের কল্যাণে অবদান রাখা, সামাজিক প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং ইতিবাচক পরিবর্তনের অংশীদার হওয়ার মধ্য দিয়েই তার প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ও দায়বদ্ধতা অর্থবহ হয়ে ওঠে।
‘ট্রাস্ট, সিকিউরিটি ও প্রোগ্রেস’—এই মূল দর্শনকে ধারণ করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক কল্যাণ ও টেকসই সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমাজের অগ্রযাত্রায় ইতিবাচক অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।