ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিরাপত্তার কারণে নিজ বাড়ি ছেড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সম্প্রতি তড়িঘড়ি করে বাড়ি ছেড়ে তিনি সামরিক ঘাঁটিতে আশ্রয় নেন।
বুধবার (১১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বেসেন্টের বিরুদ্ধে হুমকির মাত্রা কতটা গুরুতর, তা এখনো স্পষ্ট নয়।
তবে ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে থাকার সিদ্ধান্ত নেন তিনি।
গত মাসের শেষ দিকে বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার স্মারকলিপিতেও এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। ওই স্মারকলিপিতে বলা হয়, মার্কিন নাগরিকদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানোর জন্য ইরানের ষড়যন্ত্রগুলো আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে।
তবে যুক্তরাষ্ট্রের মাটিতে কিংবা বিদেশের অন্য কোনো ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা কিংবা মার্কিন কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আগেই অস্বীকার করেছে তেহরান।
এ বিষয়ে মন্তব্য জানতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের মধ্যে তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্কট বেসেন্ট। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক পদক্ষেপ বাস্তবায়নে তিনি ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান কর্মকর্তা।
তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস ও রয়টার্স।
টিআই