দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধরনের উপহার, উপঢৌকন, অর্থ কিংবা ব্যক্তিগত সুবিধা দেওয়ার প্রস্তাব না করতে সেবাগ্রহীতাদের প্রতি আহ্বান জানিয়েছে রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের সেবার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সেবাগ্রহীতাদের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ অবস্থায় তাঁদের কাউকে কোনো ধরনের উপহার, উপঢৌকন, অর্থ কিংবা ব্যক্তিগত সুবিধা দেওয়ার প্রস্তাব না করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫ অনুযায়ী সরকারি কর্মচারীদের উপহার গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। ফলে উপহার দেওয়া কিংবা দেওয়ার প্রস্তাব সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। একই সঙ্গে তাঁদের পেশাগত নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিয়েও অপ্রয়োজনীয় প্রশ্ন তৈরি হতে পারে।
দূতাবাস মনে করে, কর্মকর্তা-কর্মচারীদের উপহার দেওয়ার পরিবর্তে তাঁদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রতি আস্থা ও সম্মান দেখানোই প্রকৃত সৌজন্য।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, দূতাবাসের প্রতিটি সেবার জন্য বিধি অনুযায়ী নির্ধারিত ফি গ্রহণ করা হয় এবং সংগৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। কোনো উপহার কিংবা ব্যক্তিগত সৌজন্য দূতাবাসের সিদ্ধান্ত, সেবার মান বা সেবা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারে কোনো প্রভাব ফেলে না।
সেবাগ্রহীতাদের সহযোগিতা ও আন্তরিকতা কামনা করে বিজ্ঞপ্তিতে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট, রোমানিয়া।
এফএস