যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যে নারীদের জন্য সামরিক প্রশিক্ষণ শিবির চালু করেছে ইরান। রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে দেশটির প্রথম নারী-নির্ভর সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছেন স্বেচ্ছাসেবী নারীরা, যাঁরা প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত বলে জানিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। সেখানে কয়েক ডজন নারীকে সামরিক মহড়ায় অংশ নিতে দেখা গেছে। তাঁদের কেউ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন, কেউ দেয়াল বেয়ে ওঠার অনুশীলন করছেন, আবার কেউ দড়ির সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কৌশল শিখছেন। প্রশিক্ষণের এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইরানি স্বেচ্ছাসেবীদের ‘জানফাদায়ান’ নামে অভিহিত করা হচ্ছে। শব্দটির অর্থ দেশের জন্য জীবন উৎসর্গে প্রস্তুত ব্যক্তিরা। দেশটির কর্তৃপক্ষের ভাষ্য, সম্ভাব্য মার্কিন স্থল হামলা মোকাবিলায় স্বেচ্ছাসেবীদের প্রস্তুত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় শুধু সামরিক মহড়াই নয়, জরুরি উদ্ধার কার্যক্রম এবং প্রয়োজনীয় রসদ সরবরাহের বিষয়েও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশজুড়ে পরিচালিত বৃহত্তর প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে তেহরানের কেন্দ্রস্থলে ‘ডটার্স ডেডিকেটেড টু ইরান’ শীর্ষক সমাবেশে হাজারো নারী ও তরুণী অংশ নেন। সেখানে অংশগ্রহণকারীরা দেশটির নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং জাতীয় প্রতিরক্ষায় অংশ নেওয়ার অঙ্গীকার করেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। মঙ্গলবার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো আলোচনা চলছে না।
তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আলোচনায় ফেরার আগে অন্তর্বর্তী চুক্তিতে উল্লেখ করা ইরানের সাতটি শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট জবাব চাওয়া হয়েছে। তবে এখনো ওয়াশিংটনের পক্ষ থেকে সেই জবাব পাওয়া যায়নি।
অন্যদিকে কাতারের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন। তবে ইরানের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা গ্রহণে তিনি সম্মত হননি।
এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হবে। নিষেধাজ্ঞার প্রভাবে আগামী কয়েক মাসে দেশটির তেল থেকে আয় কমে আসতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
এমন পরিস্থিতিতে ইরানে নারীদের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র চালুর ঘটনা দেশটির সম্ভাব্য সংঘাত মোকাবিলার প্রস্তুতির নতুন দিক হিসেবে সামনে এসেছে।
এফএস