ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বাড়া এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তাদের কঠোর অবস্থানের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে ভবিষ্যতে সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় মূল্যবান ধাতুটির দাম এখনো প্রতি আউন্স ৪ হাজার ডলারের আশপাশে রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেলে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ ডলার ৩১ সেন্টে দাঁড়ায়। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩ ডলার ২৯ সেন্টে নেমেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯ ডলারে লেনদেন হয়।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্য প্রকাশের পর আগের দরপতনের ধাক্কা কাটিয়ে স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ফেডের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা থাকায় স্বর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখা কঠিন হতে পারে।

মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক ০.৪ শতাংশ বেড়েছে। অথচ রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা এ হার ০.৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। ফলে প্রত্যাশার তুলনায় দেশটিতে মূল্যস্ফীতির চাপ বেশি থাকার চিত্র উঠে এসেছে।

এ তথ্য প্রকাশের পর আগামী ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮৪ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশে পৌঁছেছে। সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন সুদের হার বাড়ানোর বিষয়টিকে প্রায় নিশ্চিত বলে মনে করছেন। একই সঙ্গে প্রচলিত ২৫ ভিত্তি পয়েন্টের পরিবর্তে ৫০ ভিত্তি পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনাও বেড়েছে।

এর আগে ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার জানিয়েছিলেন, অক্টোবরে মূল মূল্যস্ফীতির হার ০.৩ শতাংশ হলে ডিসেম্বরে সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর বিষয়টি তিনি বিবেচনা করবেন। ফেডের অন্য কর্মকর্তারাও কঠোর মুদ্রানীতির পক্ষে অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন যুক্তরাষ্ট্রে আরও সুদের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, ফেডের তদারকি বিভাগের ভাইস চেয়ারম্যান মিশেল বোম্যান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার হিসেবে পুনর্ব্যক্ত করেছেন।

সাধারণত মূল্যস্ফীতির ঝুঁকি থেকে সুরক্ষা পেতে বিনিয়োগকারীরা স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। তবে সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, স্বর্ণে বিনিয়োগ থেকে কোনো সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হলে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকতে পারেন।

এদিকে, বুধবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ২.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২ ডলার ৮৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ৪.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৬ ডলার ৬৬ সেন্টে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝