গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিনজন কোনাবাড়ী থেকে একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়াল সেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরএন