গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে ছয় প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর দাবি, তাদের টহল ও নজরদারির কারণে শিল্পকারখানায় উৎপাদন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গত ৪ নভেম্বর থেকে গাজীপুরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণি এ কার্যক্রম তত্ত্বাবধান করছেন।
মোতায়েন করা আনসার সদস্যরা সফিপুর, মৌচাক, গাছা, ভোগড়া বাইপাস ও মাওনা এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি তাঁরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছেন। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন সচল রাখা ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাও এ কার্যক্রমের উদ্দেশ্য।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সার্কেল অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তারা মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
গাজীপুরের জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামান, উপপরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ এ কার্যক্রমের সার্বিক সমন্বয় ও তদারকি করছেন।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট, স্থানীয় ভাতাভোগী সদস্য এবং শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের নিয়ে একটি তথ্য নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে আশপাশের শিল্পপ্রতিষ্ঠানে নিয়োজিত অঙ্গীভূত আনসার গার্ডের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।
বাহিনী জানিয়েছে, শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে আসছে তারা। গাজীপুরেও স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও শিল্পমালিকদের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা এবং জননিরাপত্তা রক্ষায় এ তৎপরতা অব্যাহত রয়েছে।
এসএস