ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কোম্পানীগঞ্জে ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই প্রকল্পের পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নির্মাণকাজ চালানোর অভিযোগে হুমকির মুখে পড়েছে ৫৮৮ কোটি টাকার প্রকল্প।

বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এবং নৌবাহিনীর ব্যবস্থাপনায় উড়িরচর-নোয়াখালী ক্রসড্যাম নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। প্রকল্প এলাকায় কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে তা নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই এভাবে বালু উত্তোলন করায় নদীভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে। এতে নদীভাঙন প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া প্রকল্পটিই নতুন করে ঝুঁকির মুখে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ড্রেজারচালক জানান, পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলীদের অনুমতি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের নিয়োগ দিয়েছে। তারা নদী থেকে বালু উত্তোলন করে প্রকল্প এলাকায় সরবরাহ করছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে ক্রসড্যাম নির্মাণ করতে পারে না। যথাযথ নিয়ম অনুসরণ না করে নির্মাণকাজ করা হলে ভবিষ্যতে বাঁধটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং অনিয়মের তদন্ত দাবি করেন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল বলেন, বালু উত্তোলনের অনুমতি চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। কাজটি নৌবাহিনী করছে, তাই এ বিষয়ে এর বেশি কিছু জানা নেই।

প্রকল্প পরিচালক কমান্ডার রাফি দাবি করেন, প্রকল্পটি একনেকে অনুমোদনের সময় ডিপিপিতে বালু উত্তোলনের বিষয়টি উল্লেখ ছিল। তবে অনুমতির জন্য বিষয়টি জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।

অন্যদিকে, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এভাবে বালু উত্তোলনের কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এ বিষয়ে একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তবে অনুমোদন না দিয়ে সেটি ফেরত পাঠানো হয়েছে। এরপরও বালু উত্তোলন অব্যাহত থাকলে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, প্রকল্পে অনিয়মের অভিযোগের বিষয়ে লিখিতভাবে পানি সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এলাকাবাসীর ভালোবাসার এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

নদীভাঙন থেকে উপকূলীয় জনপদ রক্ষায় গুরুত্বপূর্ণ এ প্রকল্পে বালু উত্তোলন ও নির্মাণকাজের অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন এলাকাবাসীর প্রধান দাবি।

আইইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝