ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে তাওহীদ হৃদয়
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৪৪ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ৫:১৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সিলেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হয়েছে। তবে প্রথম টেস্টে ৮ উইকেটের জয় নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। 

সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে ব্যক্তিগত অর্জনে বড় চমক দেখিয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। জাতীয় রেকর্ড গড়া ইনিংসের সুবাদে আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠেছেন তিনি। 

সিলেট টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেন হৃদয়। দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে আসে ৮২ রান। দুই ইনিংসে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সর্বশেষ আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১৭৫তম স্থান থেকে ৬০তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের কোনো ব্যাটারের টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এত বড় অগ্রগতি বিশেষ তাৎপর্যপূর্ণ।

এদিকে র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কাভেম হজ। দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের ইনিংস খেলে ৫২তম স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর ব্যাটিংয়েই বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিয়েছিল ক্যারিবীয়রা। সতীর্থ আমির জাঙ্গুও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। প্রথম ইনিংসে ১৩৩ রান করে ২৮ ধাপ এগিয়ে ৬২তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। 

বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন না এলেও নজর কেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যান। সিরিজসেরা এই বোলার সিলেট টেস্টে সাত উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯তম স্থানে উঠেছেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো টেস্ট বোলারদের সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন তিনি। অলরাউন্ডারদের তালিকাতেও চার ধাপ এগিয়ে ৩১তম স্থানে পৌঁছেছেন ওয়ারিক্যান।

ওয়েস্ট ইন্ডিজের আরেক অলরাউন্ডার জাস্টিন গ্রিভসও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। এক ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় যৌথভাবে অষ্টম স্থানে উঠেছেন তিনি। বাংলাদেশের পেসার হাসান মাহমুদও টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৯০ রানে ছয় উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে ৩২তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। 

ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম ২২তম স্থানে রয়েছেন। নাজমুল হোসেন শান্ত ছয় ধাপ পিছিয়ে ৩২তম এবং লিটন দাস ৩৩তম স্থানে রয়েছেন।

বোলারদের সেরা ২০-এ বাংলাদেশের কোনো প্রতিনিধি নেই। এক ধাপ পিছিয়ে মেহেদী হাসান মিরাজ ২৫তম স্থানে রয়েছেন। সাত ধাপ অবনমনে তাইজুল ইসলামের অবস্থান ২৮তম।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝