ইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইরান ও ফিলিস্তিনের। কিন্তু নির্ধারিত সূচি মেনে দেশটিতে গিয়ে অবতরণ করতে পারেনি ইরানি ফুটবলারদের বহনকারী বিমান। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরাক বসরা বিমানবন্দরে তাদের অবতরণ করতে দেয়নি।
গতকাল ওই ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইরাকের বেসামরিক বিমান কর্তৃপক্ষ। বসরা বিমানবন্দরের দুই মুখপাত্র ওই সিদ্ধান্তের নেপথ্যে ইরানি বিমানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেছেন। ইরাকে অবতরণ করতে না পারায় ইরানি বিমান নিজ দেশে ফিরে আবাদান বিমানবন্দরে নামে। বসরার ইরানি দূতাবাস জানিয়েছে, এখন সড়ক পথে বসরায় যাবে তাদের ফুটবল দল।
ইরাকের বসরায় চারজাতি টুর্নামেন্টে অংশ নেবে ইরান। যেখানে তারা ছাড়ও স্বাগতিক দেশ ইরাক, লেবানন ও ফিলিস্তিন লড়বে। ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরাক এই সিদ্ধান্ত নিয়েছে কারণ ইরানি বিমানগুলোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি তারা নিতে পারেনি।
এই ঘটনাটি ইরাকে ইরানি বিমান চলাচল কার্যক্রমের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরে। এর আগে ওয়াশিংটন ঘোষণা করেছিল, ২৩ সেপ্টেম্বরের পর যেসব বৈশ্বিক কোম্পানি ইরানি এয়ারলাইনগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ইরানের পুরো বেসামরিক বিমানবহরকে অকার্যকর করে দেওয়া।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা হুমকি এড়াতে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানিয়ান ফ্লাইট নিষিদ্ধ করেছিল ইরাক। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে দেন, যেসব বিমানবন্দরে ইরানি এয়ারলাইন্স পরিষেবা প্রদান করা হয়, সেসব বিমানবন্দর নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এর মধ্যে মার্কিন ডলার ব্যবস্থা থেকে তাদের বাদ দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
এসএ