পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণ ও ধোঁয়াশার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বিরাজমান আবহাওয়াগত পরিস্থিতির কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী দ্বিতীয় টেস্টটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বায়ুমান বিপজ্জনক পর্যায়ে নেমে যাওয়ায় ম্যাচটি রাওয়ালপিন্ডিতে আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। সেখানে বর্তমানে সিরিজের প্রথম টেস্ট চলছে। ফলে দুই দলকেই দ্বিতীয় টেস্টের জন্য আর নতুন কোনো ভেন্যুতে যেতে হবে না।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে অবস্থান করছিল। গত এক সপ্তাহে বায়ুদূষণের দিক থেকে লাহোর ও ভারতের দিল্লির মধ্যে শীর্ষ অবস্থান নিয়ে পালাবদল হয়েছে।
তীব্র ধোঁয়াশার কারণে লাহোরে ম্যাচ সম্প্রচার নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। সম্প্রচারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আশঙ্কা করছিল, দূষণের মাত্রা বেশি থাকলে মাঠের দৃশ্য ধারণ ও সরাসরি সম্প্রচারের মান ব্যাহত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় পিসিবি আগেই সংশ্লিষ্টদের লাহোরে যাতায়াতের প্রস্তুতি না নেওয়ার নির্দেশনা দিয়েছিল।
এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেট মৌসুম লাহোরে আরও বিস্তৃত করার পরিকল্পনায়ও ধাক্কা। গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হলে ২০০৭ সালের পর নভেম্বরের ১ তারিখের পরে লাহোরে প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের নজির তৈরি হতো।
এর আগেও মৌসুমি বায়ুদূষণের কারণে পাকিস্তানে ক্রিকেটের সূচি পরিবর্তন করতে হয়েছে। ২০২০ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নেওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচও মুলতান থেকে করাচিতে স্থানান্তর করা হয়।
এবারও বায়ুদূষণের কারণে লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন সম্ভব হলো না।
এফএস