ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফিফপ্রো বিশ্ব একাদশে মেসির ১৮তমবার জায়গা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:০৫ এএম আপডেট: ১০.১১.২০২৬ ১২:২৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৬ সালের ফিফপ্রো বিশ্ব একাদশ ঘোষণা করা হয়েছে। পুরুষ ও নারী—দুই বিভাগেই সেরা একাদশ নির্বাচন করেছেন পেশাদার ফুটবলাররা। বিশ্বের ৭৫টি দেশের ২৬ হাজার ৩১৭ জন ফুটবলারের ভোটে নির্বাচিত হয়েছে এবারের বিশ্ব একাদশ।

পুরুষদের বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ২০২৩ সালের পর আবারও এই দলে ফিরেছেন তিনি। এ নিয়ে ক্যারিয়ারে ১৮তমবারের মতো ফিফপ্রো বিশ্ব একাদশে জায়গা পেলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। বিশ্ব একাদশে সবচেয়ে বেশি উপস্থিতির রেকর্ডও তাঁর দখলে।

এবারের একাদশে জায়গা পেয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ২০ বছর বয়স হওয়ার আগেই দ্বিতীয়বারের মতো বিশ্ব একাদশে নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। তাঁর আগে এত কম বয়সে দুইবার বিশ্ব একাদশে জায়গা পাওয়ার কীর্তি নেই কোনো ফুটবলারের।

স্পেনের আরও তিন ফুটবলার জায়গা পেয়েছেন এবারের একাদশে। তাঁরা হলেন দাভিদ রায়া, পাও কুবাসি ও রদ্রি। তাঁদের অন্তর্ভুক্তিতে পুরুষদের বিশ্ব একাদশে স্প্যানিশ ফুটবলারদের মোট উপস্থিতি দাঁড়িয়েছে ৫৩ বার।

নারী বিশ্ব একাদশে লুসি ব্রোঞ্জের রেকর্ড

নারীদের বিশ্ব একাদশে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ। নবমবারের মতো এই দলে জায়গা পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে নারী বিশ্ব একাদশে সর্বোচ্চবার নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন এই ডিফেন্ডার।

এবারের নারী একাদশে ইংল্যান্ড ও স্পেনের বাইরে থেকে জায়গা পাওয়া একমাত্র ফুটবলার জাম্বিয়ার বারব্রা বান্দা। তৃতীয়বারের মতো বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন তিনি। আফ্রিকার নারী ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি উপস্থিতির রেকর্ডও তাঁর।

এদিকে, ২০১৭ সালের পর আবারও বিশ্ব একাদশে ফিরেছেন স্পেনের আইরিনে পারেদেস।

২০২৬ সালের পুরুষদের ফিফপ্রো বিশ্ব একাদশ

-গোলরক্ষক: দাভিদ রায়া (আর্সেনাল, স্পেন)।
- ডিফেন্ডার: পাও কুবাসি (বার্সেলোনা, স্পেন), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল)।
- মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)।
- ফরোয়ার্ড: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

যেভাবে নির্বাচিত হলো বিশ্ব একাদশ

২০০৫ সাল থেকে পেশাদার ফুটবলারদের ভোটে ফিফপ্রো বিশ্ব একাদশ নির্বাচন করা হচ্ছে। এটি বিশ্বের একমাত্র আন্তর্জাতিক ফুটবল পুরস্কার, যেখানে কেবল পেশাদার খেলোয়াড়দের ভোটেই সেরা একাদশ নির্ধারণ করা হয়।

ফিফপ্রো ও তাদের সহযোগী খেলোয়াড় ইউনিয়নগুলোর যৌথ নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে ভোটগ্রহণ করা হয়। এবার বিশ্বের ৭৫টি দেশের ফুটবলাররা এতে অংশ নেন।

পুরুষদের বিভাগে ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। এ সময়ে অন্তত ৩০টি অফিশিয়াল ম্যাচ খেলেছেন, এমন ফুটবলাররাই নির্বাচনের জন্য যোগ্য ছিলেন।

অন্যদিকে, নারী ফুটবলারদের ক্ষেত্রে ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৬ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এ বিভাগে যোগ্য হতে অন্তত ২০টি অফিশিয়াল ম্যাচ খেলার শর্ত ছিল।

প্রতিটি ভোটার গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড পজিশন থেকে সেরা তিনজনকে বেছে নিয়েছেন। প্রতিটি পজিশনে সর্বোচ্চ ভোট পাওয়া খেলোয়াড়েরা বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন। বাকি একটি জায়গা পেয়েছেন সর্বোচ্চ ভোট পাওয়া অন্য একজন আউটফিল্ড খেলোয়াড়।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝