ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৭:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশে কোনো রকমের অস্থিরতা, কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করা হলে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে সেটা দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী দলের নেতা পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে অভিযোগ তোলেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য দেন।

এসময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশে শিল্পবান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করব। কোনো রকমের অস্থিরতা আমরা এখানে ঘটতে দেব না। কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হাতে সেটা দমন করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি, সেই বিষয়ে যদি স্টেটমেন্ট আমাকে দিতে হয়, তাহলে আমি আগামীকাল দিই। ৩০০ বিধিতে দিই। আজ শুধু কয়েকটা কথা বললাম। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। কারো যেকোনো রকমের ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তের বাইরে হোক বা সম্মিলিত হোক। কোনো ষড়যন্ত্র, কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না মাননীয় স্পিকার।

তিনি বলেন, আমরা সবাই এখানে অঙ্গীকারবদ্ধ। যেই ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে, তাকে যদি কোনো সুযোগে ফেরানোর মতো কোনো পরিস্থিতি যে কেউ করে দিয়ে থাকে, জাতি সেটা দেখবে, আমরা উন্মোচিত করব। এর বেশি বলতে চাই না। কারা কাদের সঙ্গে ষড়যন্ত্র করছে, এসব বিষয়ে আমি বলব না। একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজ দিয়ে দেখিয়ে দেব বিশ্বাসযোগ্যভাবে, যদি কোনো সম্মিলিত ষড়যন্ত্র থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে বিজনেস ফ্যাকাল্টির সামনে একটা গাড়ির ছাদের উপরে একটা ককটেল বিস্ফোরণ হলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে যায় না স্পিকার। অন্য কোথাও, রাতের অন্ধকারে অথবা ভোররাতে, কোথাও কোনো পরিত্যক্ত বাস অথবা যেখানে গাড়ির চালক এবং হেলপার থাকেন না, ওই রকম আনএটেন্ডেড কোনো ভেহিক্যালে রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই দুই-একটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এটা আমার মনে হয় যৌক্তিক না।

মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের অভ্যন্তরে অবস্থান নিয়ে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার সঙ্গে তাদের সেই অপচেষ্টা ও নীল নকশা ভণ্ডুল করে দিয়েছে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের গার্মেন্টস অঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ বাহিনী অত্যন্ত সমন্বিতভাবে কাজ করছে। উসকানি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছেন, যেন উৎপাদন ও রপ্তানি কোনোভাবেই ব্যাহত না হয়। শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে তিনি উল্লেখ করেন, একটি পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইট থেকে পাওয়া ডেটা যদি সঠিকভাবে বিশ্লেষণ করা হয়, তবে দেখা যাবে বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। অথচ আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন যাবৎ দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু চক্রান্ত, পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে হচ্ছে, এটা দৃশ্যমান। যারাই দেশে বসবাস করেন, ন্যূনতম রাজনৈতিক সচেতন, তারা এটা বুঝতে পারেন, উদ্দেশ্যটা কী। কিন্তু দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে ইন্ধন আছে সীমান্তের ওপার থেকে, যারা পালিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের আইনগত বৈধতা কী এবং ওখান থেকে পলিটিক্যাল অপারেশন কীভাবে করছে, এসব প্রশ্ন আমাদের কাছে লোকে করে। কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে তার সঙ্গে কারা কারা জড়িত, কারা কারা ইন্ধন দিচ্ছে সেটাও আমি খোলাসা করে বলব।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝