জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৮৮৩টি মামলা দায়ের হয়েছে। এসব মামলার মধ্যে ৮০৫টি হত্যা মামলা এবং ১ হাজার ৭৮টি অন্যান্য ধারার মামলা।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
আইনমন্ত্রী জানান, দায়ের করা মামলাগুলোর মধ্যে ২৯৩টির তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এর মধ্যে ৯৮টি হত্যা মামলা এবং ১৯৫টি অন্যান্য মামলা। এসব মামলার বিচার কার্যক্রম বর্তমানে চলমান।
অন্যদিকে, ৯১টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। ঘটনাস্থল-সংক্রান্ত জটিলতায় সঠিক থানায় মামলা না হওয়া এবং একই ঘটনায় একাধিক বাদীর পৃথক মামলা দায়েরের কারণে এসব মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বাকি ১ হাজার ৪৯৯টি মামলার তদন্ত এখনো চলমান।
তিনি বলেন, মামলাগুলোর তদন্ত জটিল ও সময়সাপেক্ষ হলেও দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ বিভাগ কাজ করছে। প্রতিটি মামলায় প্রাসঙ্গিক সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।
মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। পাশাপাশি মামলার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের তথ্য তুলে ধরে আইনমন্ত্রী জানান, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৭৯টি মামলা দায়ের হয়েছে।
এর মধ্যে আটটি মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় মোট ৭৩ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪ জনের মৃত্যুদণ্ড এবং ৪৯ জনের আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
আইনমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ট্রাইব্যুনালে বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন এবং ৪৫টি মামলা তদন্ত পর্যায়ে রয়েছে।
মন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে সংঘটিত অপরাধের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হত্যা, গুম, নির্যাতন ও পঙ্গুত্বের মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরএন