উপসহকারী পরিচালকের পদ থেকে মো. শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ প্রত্যাহার করে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পাশাপাশি তাকে দুর্নীতি দমন কমিশনের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। বিধি অনুসারে তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন।
দুর্নীতি দমন কমিশনের এক প্রজ্ঞাপনে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
কমিশনে যোগদানের বিষয়টি শরীফ উদ্দীন নিজেই নিশ্চিত করেন। জাগো নিউজকে তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের পর চাকরি ফিরে পেয়েছি, মহামান্য হাইকোর্টের রায় ও বর্তমান কমিশনের প্রতি আমি কৃতজ্ঞ।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন।
সে সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় জিডিও করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা।
শরীফের চাকরিচ্যুতি ঘিরে তখন বেশ আলোচনা সৃষ্টি হয়। চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনেও দুদকের কর্মীদের অংশগ্রহণে মানববন্ধন করেন।
২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। কমিশন তার আবেদন বিবেচনা না করায় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন (নম্বর ৬৩৬৯/২০২২) দায়ের করেন।
রিটের শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট বিভাগ অপসারণের আদেশ বাতিল ঘোষণা করে রুল অ্যাবসলিউট করেন। একই সঙ্গে রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে প্রাপ্য সব সুযোগ-সুবিধাসহ জ্যেষ্ঠতা প্রদানের নির্দেশনা দেন আদালত।
টিআই