বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে সংসদ কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে আইনমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
প্রশ্নে কেরামত আলী জানতে চান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তি না হওয়ার কারণ কী এবং কবে নাগাদ সেগুলো নিষ্পত্তি হবে, সে বিষয়ে কোনো রোডম্যাপ রয়েছে কি না।
জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
তিনি জানান, জেলা পর্যায়ের কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত অনুলিপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে তা পরিচালনা করা প্রয়োজন কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কি না এসব বিষয় বিবেচনা করে কমিটিগুলো প্রত্যাহারের সুপারিশ করে।
আইনমন্ত্রী আরও জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য তাঁকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
জবাবে বলা হয়, মামলা প্রত্যাহারের আবেদন এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশ পর্যালোচনায় কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এসএস