বাংলাদেশের যুব ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড গড়েছেন আহসান আল মুমিন। মালয়েশিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে তাফিউল আলম তামিমের ৭ উইকেটের নৈপুণ্যে মালয়েশিয়াকে ২০৫ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। যুব ওয়ানডেতে রানের ব্যবধানে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮ রানের জয় ছিল বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয়।
এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের শীর্ষ দল ভারত অথবা পাকিস্তান।
বাংলাদেশের হয়ে ১৩৩ বলে ১০টি চার ও ছয়টি ছক্কায় ১৫২ রান করে অপরাজিত থাকেন মুমিন। এর মধ্য দিয়ে প্রায় ১১ বছর আগে গড়া পিনাক ঘোষের রেকর্ড ভেঙেছেন তিনি। ২০১৫ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন পিনাক। ১৪১ বলের সেই ইনিংসে ছিল ২১টি চার ও একটি ছক্কা।
ব্যাট হাতে মুমিন রেকর্ড গড়লেও বল হাতে আলো ছড়িয়েছেন তাফিউল আলম তামিম। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ৭.৫ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন এই পেসার। এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন সঞ্জিত সাহা।
রান তাড়ায় নেমে পাওয়ার প্লের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে মালয়েশিয়া। একপ্রান্তে নাগিনেশ্বরন সাথনাকুমারান প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৮১ বলে ৫০ রান করেন তিনি। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বড় পরাজয় এড়াতে পারেনি দলটি। তামিমের ৭ উইকেটের পাশাপাশি রুবাই ইসলাম রিজন নেন দুটি উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম পাঁচ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারায় দলটি। এরপর ক্রিজে এসে ইনিংসের হাল ধরেন মুমিন। একের পর এক উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান তিনি। মাত্র ৪৯ বলে পূর্ণ করেন অর্ধশতক।
সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন মুমিন। ৪৮ বলে ৪৫ রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন অনিক। তার বিদায়ের পর দ্রুত ফিরে যান রুবাই ইসলাম রিজনও। ২২৪ রানে অষ্টম উইকেট হারানোর পর দলের ইনিংস এগিয়ে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মুমিন।
শেষ পর্যন্ত আল আমিন হোসেনকে সঙ্গে নিয়ে নবম উইকেটে অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি গড়েন তিনি। এই জুটিতে মুমিনের অবদান ছিল ৬৮ রান। অন্য প্রান্তে ১৭ বলে ৮ রান করে অপরাজিত থাকেন আল আমিন।
আউলগা গুনাওয়ানের বলে ছক্কা হাঁকিয়ে ১০২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিন। পরের বলেও ছক্কা মেরে নিজের শতক উদযাপন করেন বাংলাদেশের সহ-অধিনায়ক। এরপরও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন তিনি। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে তিন রান নিয়ে পিনাক ঘোষের ১৫০ রানের রেকর্ড ছাড়িয়ে যান মুমিন।
এসএস