চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৫ দশমিক ৯ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস সাত দিনেও রেমিট্যান্সে ১৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনে দেশে এসেছে ২৩১ মিলিয়ন ডলার রেমিট্যান্স। এর আগে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসেছে ৬৪৮ মিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ১ থেকে ৭ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪৭ মিলিয়ন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩২ মিলিয়ন ডলার।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১২ হাজার ৩৪৪ মিলিয়ন বা ১২ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১০ হাজার ৮৬৫ মিলিয়ন বা ১০ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১ হাজার ৪৭৯ মিলিয়ন ডলার।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। রেমিট্যান্স প্রবাহ বাড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সরবরাহের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রবাসী আয়।
এসএস