ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে প্রশ্ন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের প্রায় ১২ বছর মেয়াদি ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পে বিপুল অঙ্কের সরকারি অর্থ ব্যয় ও দলীয় বিবেচনায় বরাদ্দ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হবে কিনা-তা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন উঠেছে। 

তবে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কাঠামোর পরিবর্তনের কারণে প্রকল্পের অনিয়মের তদন্ত পরিচালনা করা তাদের বিভাগীয় এখতিয়ারের বাইরে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এ তথ্য জানান। 

সংসদে মন্ত্রীর পক্ষে লিখিত উত্তর উপস্থাপন করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অধিবেশনের ওই পর্বে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে উত্থাপিত লিখিত প্রশ্নে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকার ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পে মোট কত টাকা ব্যয় করেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দলীয় বিবেচনায় বরাদ্দ দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা?

সংসদ সদস্যের এই প্রশ্নের উত্তরে লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানান, ‘আমার বাড়ি, আমার খামার’ (সাবেক একটি বাড়ি একটি খামার) প্রকল্পটি ২০০৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়কালে দেশের সাতটি বিভাগের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলায় পরিচালিত ও বাস্তবায়িত হয়েছে। দীর্ঘ ১২ বছর মেয়াদি এই প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ছিল ৭৮ হাজার ৮৫২ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

প্রকল্পের অনিয়ম তদন্তের সুযোগ না থাকার বিষয়ে জবাবে বিস্তৃত ব্যাখ্যা দেওয়া হয়। প্রতিমন্ত্রী সংসদে জানান, প্রকল্পের মূল কার্যক্রম স্থায়ী ও ধারাবাহিকভাবে চালু রাখার লক্ষ্যে এটিকে ‘পল্লি সঞ্চয় ব্যাংকে’ রূপান্তর করা হয়। রূপান্তরের পর ২০২১ সালের ১ জুলাই থেকে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ব্যাংকটির পরিচালনা ও এ সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পরিচালিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেহেতু বর্তমানে পল্লি সঞ্চয় ব্যাংকের কোনো ধরনের প্রশাসনিক বা পরিচালনগত কার্যক্রম পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে নেই, সেহেতু প্রকল্পে বা ব্যাংকে আলোচিত অনিয়ম কিংবা দলীয় বরাদ্দের অভিযোগ খতিয়ে দেখা বা তদন্ত পরিচালনা করা পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের আইনগত এখতিয়ারভুক্ত নয় বলে প্রতীয়মান হয়।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝