ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে প্রকৃত তথ্য জানালেন ডেপুটি প্রেস সচিব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর খবরের প্রকৃত তথ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ এবং প্রাপ্ত নথির বিষয়বস্তু সামনে এনে তিনি স্পষ্ট করেছেন, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি। একটি আইনজীবী প্রতিষ্ঠানের ই-মেইলকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমের প্রকাশিত শিরোনাম জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন সুজন মাহমুদ।

পোস্টে তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে কথা বলে বিষয়টির প্রকৃত তথ্য জানতে পেরেছেন।

সাইদুর রহমান তাকে জানিয়েছেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনজীবী প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

তবে ই-মেইলটি শেখ হাসিনার অনুমোদনক্রমে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ, ওই প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র ছিল না। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান হাইকমিশনের প্রেস মিনিস্টার।

সুজন মাহমুদের পোস্টে আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের বক্তব্যও তুলে ধরা হয়েছে। সেখানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিলের খবর উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশের ই-পাসপোর্টের নিয়মিত প্রক্রিয়ায় আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণের পর পাসপোর্ট অফিস অথবা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়। শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আবেদন ফরম জমা দেওয়া কিংবা বায়োমেট্রিক তথ্য দেওয়ার কোনো তথ্য এপি ও রয়টার্সের প্রতিবেদনে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে একটি ফ্যাক্টচেক প্রতিষ্ঠানও যাচাই করে একই ধরনের তথ্য তুলে ধরেছে।

সুজন মাহমুদের এই তথ্যভিত্তিক ব্যাখ্যায় একটি ই-মেইল পাঠানোর ঘটনা এবং আনুষ্ঠানিক পাসপোর্ট আবেদন করার মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়েছে। একই সঙ্গে যাচাই ছাড়া বিভ্রান্তিকর শিরোনাম প্রকাশের বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

টিআই
 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝